• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

তেল সংকট ও বিনিয়োগ প্রত্যাহারে রুপির রেকর্ড পতন

তেল সংকট ও বিনিয়োগ প্রত্যাহারে রুপির রেকর্ড পতন

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। অপরিশোধিত তেলের উচ্চমূল্য, বিদেশি বিনিয়োগ প্রত্যাহার এবং বাজারে নেতিবাচক পরিস্থিতির কারণে মুদ্রাটির ওপর চাপ আরও বেড়েছে।

মঙ্গলবার দিনের শুরুতে প্রতি ডলারের বিপরীতে রুপির মান দাঁড়ায় ৯৫.৫০, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। পরে তা আরও দুর্বল হয়ে ৯৫.৬২৫০ পর্যায়ে পৌঁছে। বিশ্লেষকদের হিসাবে, ইরান-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে রুপির অবমূল্যায়ন হয়েছে প্রায় ৫.২ শতাংশ।

রুপির পতন ঠেকাতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, তেলের দামের ঊর্ধ্বগতি ভারতের মতো আমদানিনির্ভর অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে যাওয়ায় এশিয়ার অন্যান্য মুদ্রার ওপরও চাপ পড়েছে। বিশেষ করে ফিলিপাইনের পেসো ও ইন্দোনেশিয়ার রুপিয়াহ উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপির মান কমেছে প্রায় ৬.৫ শতাংশ, যা এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে ভারতের চলতি হিসাব ঘাটতি ও বৈদেশিক মুদ্রার চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

এদিকে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারবাজার থেকে ইতোমধ্যে ২০ বিলিয়ন ডলারের বেশি অর্থ তুলে নিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে জ্বালানি ব্যবহার কমানো ও অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১২ মে ২০২৬, ০৫:৪১পিএম, ঢাকা-বাংলাদেশ।