• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাবেই পিছিয়েছে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী

শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাবেই পিছিয়েছে বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাবকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মেধা ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ ও পদোন্নতি হওয়ায় উচ্চশিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে শিক্ষক নিয়োগ যথাযথ মানদণ্ড অনুসরণ করে হয়নি। রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, প্রকাশনা ও একাডেমিক সক্ষমতা দুর্বল হয়েছে। তিনি বলেন, মেধা ও ফলাফলের ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা গেলে উচ্চশিক্ষার মানোন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব বাড়াতে হবে। শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।

প্রধানমন্ত্রী গবেষণায় সরকারি অর্থায়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাইরা গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

১২ মে ২০২৬, ০৫:৩৯পিএম, ঢাকা-বাংলাদেশ।