কোরবানির পশুবাহী যানবাহনে ছিনতাই ও চাঁদাবাজি রোধে অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
কোরবানির পশুবাহী যানবাহনে ছিনতাই ও চাঁদাবাজি রোধে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের হটলাইন চালু থাকবে। পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, ঈদের আগে ও পরে মোট ১৪ দিন পুলিশ সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল খোলা থাকবে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য লবণ বিতরণে সরকার ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। পাশাপাশি তৈরি পোশাক খাতের শ্রমিকদের ঈদের আগে বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে আলোচনা হয়েছে এবং মালিকপক্ষ এতে সম্মত হয়েছে।