এসএসসি পরীক্ষায় ‘মানবিক নম্বর’ নয়, কঠোর অবস্থানে শিক্ষামন্ত্রী
চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অতিরিক্ত ‘মানবিক নম্বর’ দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার সচিবালয়ে তিনি জানান, পরীক্ষার খাতা মূল্যায়নে কোনো বিশেষ ছাড় দেওয়া হবে না, তবে ‘লিবারেল’ভাবে দেখা হবে। এবছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যার মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। তিনি বলেন, প্রশ্নফাঁস, নকল বা সাইবার অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। কোচিং সেন্টার বিষয়ে নির্দিষ্ট তালিকা না থাকায় সরাসরি সিদ্ধান্ত দেওয়া হয়নি বলেও জানান তিনি।