মঠবাড়িয়ায় ছাত্রীকে হাতুড়িপেটা, এসএসসি পরীক্ষা অনিশ্চিত
মঠবাড়িয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে। আহত বীথি আক্তার (১৫) ডান হাত ভেঙে যাওয়ায় পরীক্ষা দিতে পারছে না। জানা গেছে, জমির সীমানা ও পারিবারিক বিরোধের জেরে অভিযুক্ত নজরুল ইসলাম হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। ভুক্তভোগী জানায়, ইচ্ছাকৃতভাবে তার ডান হাত ভেঙে দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।