স্থানীয় নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা করল এনসিপি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি জানান, সারা দেশ থেকে এক হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ২০ মে দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি।
সারজিস আলম বলেন, গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হচ্ছে। অন্য রাজনৈতিক দল থেকে যোগ দিতে আগ্রহীরাও আবেদন করতে পারবেন, তবে তাদের অতীত কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা যাচাই করা হবে।
এনসিপির দাবি, স্থানীয় পর্যায়ে নতুন নেতৃত্ব গড়ে তুলতেই তারা এই প্রক্রিয়া অনুসরণ করছে।