ঢাকার আকাশে নতুন প্রতিযোগিতা, ফ্লাইট চালু করছে রিয়াদ এয়ার
বাংলাদেশের বিমান খাতে প্রতিযোগিতা আরও বাড়তে যাচ্ছে। সৌদি আরবের নতুন এয়ারলাইন্স রিয়াদ এয়ার ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। চলতি বছরের শেষ নাগাদ সংস্থাটি বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারে বলে জানা গেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রিয়াদ এয়ারের প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন শুধু ফ্লাইট সূচির অনুমোদনের অপেক্ষায় রয়েছে সংস্থাটি। অনুমোদন মিললেই ঢাকা-রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট চালু করবে তারা।
প্রাথমিকভাবে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে রিয়াদ এয়ারের। পরে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটেও ফ্লাইট সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনাও যাচাই করছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে এই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। নতুন এয়ারলাইন্স যুক্ত হওয়ায় ভাড়া ও সেবায় প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশে রিয়াদ এয়ারের জেনারেল সেলস এজেন্ট হিসেবে কাজ করছে রিদম গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন জানান, অপারেশনাল প্রস্তুতির শেষ ধাপে রয়েছে রিয়াদ এয়ার। খুব শিগগিরই ফ্লাইট সূচি ঘোষণা করা হতে পারে।