পুলিশকে জনগণের আস্থার প্রতীক হতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের জানমাল রক্ষায় পুলিশ বাহিনীকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ভবিষ্যতে পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বহু পুলিশ সদস্য আত্মত্যাগ করেছেন। সেই অর্জন যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। পুলিশের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারেক রহমান আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। এখন জনগণ শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার চায়। সেই প্রত্যাশা পূরণে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বর্তমান সরকার চায় পুলিশ বাহিনী জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠুক। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক ও জনবান্ধব আচরণের মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে হবে।
এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। চার দিনব্যাপী এ আয়োজন চলবে ১৩ মে পর্যন্ত। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং প্রধানমন্ত্রী খোলা জিপে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।