আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ শক্তিশালী থাকায় করোনা মোকাবিলা সহজ হয়েছে
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো তৃণমূল পর্যন্ত শক্তিশালী থাকায় করোনা মহামারি মোকাবিলা করা সম্ভব হয়েছে। আওয়ামী লীগের এই সাংগঠনিক শক্তি ধরে রাখতে হবে। দেশের যেকোনো সংকটে আওয়ামী লীগ সবসময় যেভাবে কাজ করেছে, ভবিষ্যতেও একই ভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেছেন, আশ্রয়ন প্রকল্পের ঘর ভাঙার যে ঘটনা ঘটেছে তা ষড়যন্ত্রের অংশ। অনেকে হাতুড়ি দিয়ে ঘর ভেঙে ছবি মিডিয়ায় দিয়েছে।
বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।
সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আশ্রয়ন প্রকল্পে প্রায় দেড় লাখের বেশি মানুষ ঘর পেয়েছে। কিন্তু প্রকল্পের প্রায় ৩০০টি ঘরে ত্রুটি ধরা পড়েছে। আশ্রয়ন প্রকল্পের ঘর নিয়ে নানা রকম ষড়যন্ত্রও হয়েছে। এই প্রকল্পকে প্রশ্নবিদ্ধ করতে হাতুড়ি-শাবল দিয়ে ষড়যন্ত্রকারীরা ঘর ভেঙ্গেও ফেলেছে। আবার তারাই গণমাধ্যমকে খবর দিয়ে তা প্রচার করেছে।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আরও বলেন, সব থেকে দুর্ভাগ্য হলো আমি যখন সিদ্ধান্ত নিলাম প্রত্যেকটা মানুষকে আমরা ঘর উপহার দেব। আমাদের দেশের কিছু মানুষের চরিত্র এত জঘন্য, আমি কয়েকটা জায়গায় দেখলাম হঠাৎ ঘর ভেঙে পড়ছে। ঘর ভাঙার ছবি ও ভিডিও দেখে আবারও পুরো জরিপ করালাম, কোথায় কি হচ্ছে জানার জন্য।
শেখ হাসিনা বলেন, ৩০০ টা ঘর (ভেঙেছে)- বিভিন্ন এলাকায় কিছু মানুষ নিজে থেকে গিয়ে হাতুড়ি-শাবল দিয়ে সেগুলো ভেঙে তারপর মিডিয়ায় সেগুলোর ছবি দিয়েছে। তাদের নাম-ধাম এগুলো এনকোয়ারি করে সবগুলো বের করা হয়ে গেছে। আমার কাছে পুরো রিপোর্ট আছে। মানে গরিবের জন্য ঘর করে দিচ্ছি, তারা এভাবে যে ভাঙতে পারে, সেই ছবিগুলো দেখলে, দেখা যায়।
প্রধানমন্ত্রী বলেন, ঘর ভেঙে পড়ার ঘটনা মিডিয়া নিউজ করেছে। কিন্তু এর পেছনের কারণ মিডিয়া অনুসন্ধান করেনি। কীভাবে হলো সেটা কিন্তু মিডিয়া দেখে না।
আশ্রয়ন প্রকল্পে ৯টি জায়গায় দুর্নীতি পাওয়া গেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কয়েকটা জায়গায় দেখা গেছে ৬০০টি ঘর। সেখানে হয়ত ৩/৪টা ঘর প্রবল বৃষ্টি বা মাটি ধসে ভেঙেছে। মাত্র ৯টা জায়গায় এমনটা হয়েছে।
আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ঘর নির্মাণের খবর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয় প্রকল্পে সবাই বেশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে, আমি দেখেছি। যাদের ওপর দায়িত্ব দিয়েছিলাম, আমাদের ইউএনও-ডিসি সব কর্মচারীরা ছিল, তারা কিন্তু অনেকে নিজেরা এগিয়ে এসেছে এই ঘরগুলো তৈরিতে সহযোগিতা করার জন্য।
সভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও সতর্ক থাকার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যাই হোক, আমরা সেগুলো মোকাবিলা করেছি। তবে আমাদের নেতাকর্মীদের সব ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা বসে নেই। জনগণের জন্য, দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এবি/এসএন