• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

জ্বালানি সংকটে ভারতে আইপিএল আয়োজন নিয়ে অনিশ্চয়তা

জ্বালানি সংকটে ভারতে আইপিএল আয়োজন নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে ভারত–এর ক্রীড়াঙ্গনেও। জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানির প্রাপ্যতা সীমিত হয়ে পড়ায় এলপিজি সরবরাহে গৃহস্থালি ও জরুরি অ-গৃহস্থালি খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর ফলে হোটেল ও আতিথেয়তা খাত চাপের মুখে পড়েছে।

আইপিএলের ম্যাচ আয়োজনের ক্ষেত্রে স্টেডিয়ামের ফ্লাডলাইট চালানো এবং হাজার হাজার দর্শক ও অতিথির জন্য হোটেলে খাবার প্রস্তুতের মতো কাজে বিপুল পরিমাণ জ্বালানি প্রয়োজন হয়। এলপিজির সংকট দেখা দিলে এসব কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে পশ্চিম এশিয়ার আকাশপথে নিষেধাজ্ঞার কারণে বিদেশি ক্রিকেটারদের যাতায়াতও জটিল হয়ে পড়েছে। বিভিন্ন দেশের খেলোয়াড়দের ভ্রমণসূচিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা গেছে।

আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, পরিস্থিতির ওপর তারা নিবিড় নজর রাখছেন। প্রয়োজন হলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ২৮ মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুসানরাইজার্স হায়দরাবাদ–এর ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু হওয়ার কথা রয়েছে।

১৪ মার্চ ২০২৬, ০৫:৩০পিএম, ঢাকা-বাংলাদেশ।